একনজরে বাংলাদেশের নতুন সিএজি

নতুন নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম আজ বুধবার (২৬ জুলাই, ২০২৩) শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে শপথ বাক্য পাঠ করান। গত ১৩ জুলাই তাকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এর আগে মো. নুরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালের ৩১ জানুয়ারি সিজিএ হিসেবে যোগদান করেন।

বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সিজিএ হিসেবে যোগদানের আগে তিনি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির (এনআইএস) জন্য পুরষ্কৃত হয়েছেন।

মো. নুরুল ইসলাম ৮ম বিসিএসের কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, এশিয়ান অর্গানাইজেশন অব সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সুপ্রিম অডিট ইনস্টিটিউশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, পাবলিক দায়বদ্ধতা এবং স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে অনেক সেমিনার, কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ ছাড়া ভারত, ইতালি, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট কোয়ালিটি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, অর্থ নিরীক্ষার মূল্য সম্পর্কিত প্রশিক্ষণে মর্যাদার সঙ্গে অংশ নিয়েছেন এবং ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন— নতুন সিএজি নুরুল ইসলামের শপথ গ্রহণ