দর্শকদের কাণ্ডে ক্ষুব্ধ মায়ামি কোচ মার্তিনো

লিগস কাপে আটলান্টার সঙ্গে তখন ৪ গোলের ব্যবধানে এগিয়ে ইন্টার মায়ামি। খেলা শেষ হতে বাকি মাত্র ১৩ মিনিট। সে সময় দলটির কোচ তাতা মার্তিনো লিওনেল মেসিকে উঠিয়ে নেন। ২১ হাজার ধারণ ক্ষমতার ডিআরভি পিএনকে স্টেডিয়াম থেকে দর্শকরা একে একে চলে যেতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যেতে থাকে চেয়ারগুলো।

দর্শকদের এমন কাণ্ডে ক্ষব্ধ হয়েছেন মায়ামি কোচ মার্তিনো। পাশাপাশি মেসিকে উঠিয়ে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, ‘মেসি বিশ্ব সেরা ফুটবলার। এমন একজন মহাতারকা মাঠে থাকলে শেষ পর্যন্ত মাঠে থেকে তাকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু তিনি মাঠ ছাড়তেই সবাই চলে যেতে শুরু করেন। এটা দুঃখজনক। আশা করি পরেরবার শেষ পর্যন্ত সবাই ম্যাচ শেষ করেই ফিরবেন।’

মেসিকে উঠিয়ে নিয়ে রবি রবিনসনকে নামান। এর ব্যাখ্যায় মার্তিনো বলেন, ‘মেসি আমাকে বলেছিল সে প্রথমার্ধ থেকে খেলতে চায়। কারণ তিনি একটু বেশি সময় মাঠে থাকতে চেয়েছিলেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। সে যতটুকু খেলতে পারবে খেলবে, যখন সে মনে করবে শেষ করতে তখন সে সংকেত দেবে। তার সংকেত পেয়েই আমি তাকে উঠিয়ে নেই।’