অপহরণের ২ মাসেও উদ্ধার হয়নি ছেলে বাবার সংবাদ সম্মেলন

অপহরণের প্রায় দুই মাস পরও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আতিকুর রহমান (২৯) নামে এক ব্যক্তির খোঁজ মেলেনি। কোথায় কেমন আছেন? তিনি বেঁচে আছেন কি না, তাও জানেন স্বজনরা। এ নিয়ে পরিবারের লোকজনের উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে আতিকুরের বাবা আবদুল জলিল সরকার সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আতিকুর রহমানের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী গ্রামে। তিনি স্থানীয় সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কাউন্সিল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামে একটি সমিতির চেয়ারম্যান ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ মে মজুমদার-নলডাঙ্গা সড়ক থেকে আতিকুর রহমানকে অপহরণ করে জোরপূর্বক অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আতিকুরের ফোনটি বন্ধ। গত ৮ জুন আতিকুরের বাবা গাইবান্ধা আদালতে মামলা করেন। এতে ওই সংস্থার মাঠকর্মীসহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়।