যাত্রীসেবার মান বাড়াতে হটলাইন চালু শাহজালালে

যাত্রীসেবার মান উন্নয়নে ২৪ ঘণ্টা সেবা দিতে হটলাইন কল সেন্টার চালু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীসহ যে কেউ এখন থেকে হটলাইন নম্বর ১৩৬০০, ০৯৬১৪ ও ০১৩৬০০ এ কল দিয়ে তথ্য ও সেবা নিতে পারবেন।

বিমানবন্দর কর্র্তৃপক্ষ জানিয়েছে, হটলাইন কল সেন্টারের মাধ্যমে যাত্রীরা নানা ধরনের সেবা পাবেন। এর জন্য পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটও করা হয়েছে (http://www.hsia. gov.bd)। এটি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের কনফারেন্স কক্ষে হটলাইন সেন্টারটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।