নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত পিচ্চি মানিক হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার এম এম মাহমুদ হাসান।
র্যাব জানায়, মানিক হত্যাকাণ্ডের মূল হোতা এবং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শরীফ, নাঈম ও শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বিচার সালিশে মীমাংসার কথা বলে ফতুল্লার ইসদাইর এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী পিচ্চি মানিককে গত ২৪ জুলাই রাতে ফোন করে চাঁদমারি মাউরাপট্টি এলাকায় ডেকে নিয়ে যান শরীফ। এরপর শরীফ ও তার সহযোগীরা মিলে তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব।
তবে মামলার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িত আসামিরা পালিয়ে আত্মগোপন করে। এরই ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী শরীফ ও তার দুই সহযোগীর অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালায়। গ্রেপ্তার করে শরীফ ও তাই দুই সহযোগী নাইম এবং শান্তকে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ কোম্পানি কমান্ডার এম এম মাহমুদ হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। এলাকায় ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করে তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যসহ পিচ্চি মানিক হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।