বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশ। সেখান থেকে ১৫ হাজার ৫০০ ইয়াবা জব্দ করার পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর মালিথা বাড়ি এলাকার মো. আলীম হোসেন (৩৫), টেকনাফের ডেইংগাকাটা এলাকার মোহাম্মদ আলী (৪৩) ও দক্ষিণ রুগারঘোনা এলাকার সিকদার মিয়া (৩০), টেকনাফের বালুখালী এলাকার মো. আব্দুল্লাহ (২৩) এবং আনোয়ারার রায়পুর এলাকার মো. কাশেম (২৮)।

আটকের পর বাঁশখালী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করে। অপরাধ নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হবে।