ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম (৬০) ময়মনসিংহ সদরের ফকিরাকান্দা বয়রা এলাকার বাসিন্দা।
এর আগে এই আসামি দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন। এরপর জামিনে ছাড়া পেয়ে প্রথম স্ত্রীকে হত্যা করেন। এই মামলায় ফখরুলকে মৃত্যুদন্ডাদেশ দেয় আদালত।
মামলার বিবরণ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি ফখরুল ২০০১ সালের ১৬ আগস্ট তার দ্বিতীয় স্ত্রী তানিয়াকে হত্যা করে। এই হত্যার ঘটনায় ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বরে তার যাবজ্জীবন কারাদন্ড হয়। ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ বসতঘরে ঘুমিয়ে থাকা প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে দা দিয়ে গলা কেটে হত্যা করে।