এনজিও কর্মকর্তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ঋণগ্রহীতার ছেলের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার উস্থি ইউনিয়নের ডিগ্রিভূমি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত এনজিও কর্মকর্তা ওয়াহিদুল ইসলামকে (৩০) স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, ঋণদাতা এনজিও প্রতিষ্ঠান ‘পপি’র কান্দিপাড়া শাখা থেকে উপজেলার ডিগ্রিভূমি গ্রামের মিনারা খাতুন ২ লাখ ৫০ হাজার টাকা ও তার মেয়ে মরিয়ম বেগম দুই লাখ টাকা ঋণ গ্রহণ করেন। গত সোমবার মরিয়ম বেগম কান্দিপাড়া শাখার ম্যানেজার তফাজ্জল হোসেনকে ফোন করে কিস্তির টাকা নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যার পর তার বাড়িতে যেতে বলেন।

কান্দিপাড়া শাখার ম্যানেজার তফাজ্জল হোসেন বলেন, ‘মরিয়ম ও মিনারা আমাকে কিস্তির টাকা পরিশোধের কথা জানালে আমি তাদের কথামতো আমার অফিসের মাঠ কর্মকর্তা ওয়াহিদুল ইসলামকে পাঠাই। কিন্তু কিস্তির টাকা না দিয়ে মরিয়মের ছেলে শান্ত ওয়াহিদুলকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।’ গফরগাঁও পাগলা থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’