অস্ত্রোপচার কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের কুমারশীল মোড়ে হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুর রহমান হিমেল, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া ও সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শফিউর রহমান ভূঁইয়া।

আশরাফুর রহমান হিমেল জানান, হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য পাওয়া গেছে।