এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা!

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে তাসলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাটুরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি বুধবার (২ আগস্ট) নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম দর্জির স্ত্রী তাসলিমা ,সাজেদা ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে সম্প্রতি ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। গতকাল মঙ্গলবার ছিল তার সাপ্তাহিক কিস্তির দিন। কিন্তু তিনি কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হন।

ফলে এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার ও মাঠ কর্মীসহ পুরোটিম তার বাড়িতে গিয়ে নিহত তাসলিমার সাথে দুর্ব্যবহার করেন। এ সময় কিস্তির টাকা না দিলে তাকে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়। পুলিশের ভয়ে ও অপমানে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ির পাশে আম গাছের সাথে গলায় রশি পিছিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা পুলিশকে খরব দেয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলেই বেরিয়ে আসবে এ আত্মহত্যার রহস্য। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।