হামলার মামলায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের আইনবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৬৫), আশুলিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজি মো. জয়নাল আবেদীন (৫৭), সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন (৪৪), আশুলিয়ার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বকর সিদ্দিক (৪৭), একই ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ (৩৩) ও জামায়াতকর্মী মিজানুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, গত সোমবার সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে গাড়ি ভাঙচুর করে জামায়াতের আশুলিয়া থানা কমিটি। সড়কে যান চলাচলে বিঘœ ঘটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। পরে মঙ্গলবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় জামায়াতের নেতাকর্মীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করে।

মামলার এজাহারে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশের দুই সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।