যশোরে বাস উল্টে চালকের সহকারী নিহত

যশোর-খুলনা মহাসড়কে বাস উল্টে চালকের সহকারী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে সড়কের যশোর সদরের রূপদিয়া জামতলায় আফিল ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রূপসা পরিবহনের হেলপার গুরুতর জখম হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত হেলপারের নাম-ঠিকানা পাওয়া যায়নি। বাসচালক পলাতক। এ সময় চার বাসযাত্রী আহত হন। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত হেলপারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।