শোক দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সকাল সাতটায় স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত এবং সাড়ে সাতটায় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানসহ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং নীলক্ষেত হাই স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, ‘খ’ গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি (বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ) এবং ‘গ’ গ্রুপে ৭ম থেকে দশম শ্রেণি (বিষয়: এসো গড়ি বঙ্গবন্ধুর সোনার বাংলা) অনুষ্ঠিত হবে। ছবি আঁকার মাধ্যম হিসেবে জলরংসহ যেকোন প্রকারের রং ব্যবহার করা যাবে। ছবি আঁকার কাগজ কর্তৃপক্ষ সরবরাহ করবে।

পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

একই দিন যোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।