এবার বিক্রি হচ্ছে বার্বি কফিন!

স্বপ্নের কারখানা হলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বার্বি’। সিনেমাটি মুক্তির আগে থেকেই বার্বি পুতুল নিয়ে শুরু হয়েছে নতুন উন্মাদনা। রূপকথার মতো নিটোল বার্বির গোলাপি রঙের দুনিয়ায় সব কিছুই নিখুঁত। আর সেই দুনিয়ায় মেতেছে পুরো বিশ্ব।

বার্বির প্রতি আগ্রহ ও ভালোবাসা প্রদর্শন করতে আট থেকে ৮০ বছর বয়সী অনেকেই বার্বি সেজে সিনেমা দেখতে যাচ্ছেন। বার্বি থিমে তৈরি হয়েছে জামা, জুতা থেকে আসবাবপত্র পর্যন্ত। আর এসবের সঙ্গে যোগ হলো বার্বি কফিন। হ্যাঁ, গোলাপি কফিনের কথাই হচ্ছে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে বার্বি কফিন। আর সেই কফিনের উপর লেখা ‘এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।’

গোলাপি সেই কফিনে সাজানো হয়েছে বার্বির পৃথিবী। সোনালি রঙের কলকব্জা। চারপাশে ঝলমলে চাঁদ-তারা। ডালা খুললে ভেতরে মিষ্টি গোলাপি পালকের বিছানা। বার্বির ভক্তদের মধ্যে যারা বার্বি প্রেম নিয়ে শেষ শয্যায় যেতে চান, তাদের জন্যই এমন ব্যবস্থার আয়োজন।

প্রায় এক বছর ধরে মেক্সিকো এবং লাতিন আমেরিকায় এই বার্বি কফিনের বিক্রি চলছে। তবে গত কয়েক মাসে গোলাপি কফিনের বিক্রি মাত্রা ছাড়িয়েছে। যে গোলাপি কফিন কিছুদিন আগেও দোকানের এক কোনায় পড়ে থাকত, এখন তা সরবরাহ করতে গিয়ে গলগর্দম হতে হচ্ছে বিক্রেতাদের।

তবে মানুষের এমন বার্বি প্রেম দেখে বিরক্ত এবং বিস্মিত নেটিজেনদের একাংশ। তারা কটাক্ষ করে সোশ্যালে লিখছেন, ‘এরা কি পাগল’? আবার কেউ লিখছেন, ‘আমার মৃত্যুর পর দয়া করে শরীরটা আস্তাকুঁড়ে ফেলে দিও। আমি কিছু মনে করব না।’

উল্লেখ্য, বার্বি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। এতে অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গোসলিং। ফ্যান্টাসি-কমেডি ধারার এই সিনেমা চলতি বছর সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড কালেকশন এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনেই ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারের টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।