সড়কে ঝরল এনজিওকর্মীর প্রাণ

ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বটিয়া এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত এনজিওকর্মী কে এম আরিফ (৩৫)। নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের ইউসুফপুর শাখার এসএমই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দোহার বাজার এলাকা হতে জয়পাড়া যাওয়ার পথে বটিয়া এলাকায় আসলে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দোহার থানা পুলিশের উপপরির্দশক (এসআই) মো. হাছান জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।