প্রতিবেশিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে চার্জে লাগানো অটোরিকশার বিদ্যুতের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন প্রতিবেশি আবুল ফয়েজ। দূর থেকে তাকে দেখে ছুটে আসেন প্রতিবেশি জনি আকতার। প্রতিবেশি আবুল ফয়েজকে বাঁচাতে পারলেও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

নিহত জনি আকতার দোহাজারী পৌরসভার আদর্শ গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল ফয়েজ চার্জে লাগানো অটোরিকশা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাতে ছুটে আসেন পাশের ঘরের জনি আকতার। দৌড়ে আবুল ফয়েজকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তড়িঘড়ি করে জনি আকতার ও আবুল ফয়েজকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোহজারী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জনি আকতারকে মৃত ঘোষণা করেন।