দুমকিতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে বাড়ির গেটের দোকান অপসারণের দ্বন্দ্বে একটি পরিবারের বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পিরতলা বাজারের মসজিদ সড়কের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সহিদুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সহিদুল ইসলামের বাড়ির গেটের দোকান সরিয়ে দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে দক্ষিণ মুরাদিয়া গ্রামের সাবেক ফল ব্যবসায়ী ও বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দীন খানের নেতৃত্বে সফিক, মিরাজ, মিলন, রাব্বিসহ ৮/১০ জনের একটি লাঠিয়াল বাহিনী আকস্মিক হামলা চালিয়ে বাড়ির গেটের দেয়ালের আংশিক ভেঙে ফেলে। এসময় তারা বাসায় ঢুকে মালামাল তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নাসির উদ্দীন খান বলেন, ‘আমরা ভাঙচুর করিনি। বরং আমার দোকানের মালামাল ওরা ভাঙচুর করেছে। সেজন্য মামলা করা হবে।’

দুমকি থানার ডিউটি অফিসার এসআই দেলোয়ার হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।