চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি দক্ষিণচরাগ্রাম এলাকায় রাতের আঁধারে বুলডোজার দিয়ে দোকান ঘর ভেঙে চুরমার করার অভিযোগ উঠেছে।
আবদুল হান্নান নামে স্থানীয় এক ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, মামলায় হেরে গিয়ে একই এলাকার ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলাম তার লাঠিয়াল বাহিনী দিয়ে গভীর রাতে দুটি দোকান ঘর ভেঙে চুরমার করে দেন।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আবদুল হান্নানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড়ভাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আদালত থেকে দখল পাওয়া জমিতে দোকান ঘর নির্মাণ শুরু করলে তরিকুল হুমকি প্রদান শুরু করেন এবং গত ১ আগস্ট গভীর রাতে বুলডোজার নিয়ে দোকান দুটি ভেঙে চুরমার করে দেন।
অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা রিভিউ আপিল করেছি। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাদের ওপর দোকান ভাঙার অভিযোগ আনছে।