বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপির লোকজন। এ হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান্তর পরিবার।

ঘটনার বিবরণ দিয়ে ছাত্রদল নেতা হাসিবুর রহমান শান্ত বলেন, ‘রাতে আমাদের বাসায় হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আমাদের তিন থেকে চারটি ঘর ভাঙচুর করা হয়।’

যুবদল নেতা আক্তার হোসেন বলেন, ‘অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের একটাই অপরাধ, আমরা বিএনপি করি।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ বলেন, ‘ছাত্রদলের ছেলেরা আমাদের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদকে গত সন্ধ্যায় পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে।’

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘এটি আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ না। এখানে জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ হয়েছে।’