১৪ বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক!

বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় র‌্যাব সদর দপ্তরের (ইন্ট উইং) সহযোগিতায় র‌্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুল খালেক বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের বাসিন্দা ছিলেন। সাজা থেকে বাঁচতে ১০ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, ২০০৫ সালে আসামি আব্দুল খালেক (৪০) এবং তার বন্ধু মোখলেছুর রহমান (৪২) ও মো. রুবেল (৪০) মিলে প্রতিবেশী বেদেনা (৩৮) নামে এক নারীকে অপরহণ করে। পরে বেদেনার বাবা আজাহার আলী বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ২০১৩ সালে মামলার রায়ে আসামি আব্দুল খালেকের ১৪ বছরের সাজা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার এড়াতে আব্দুল খালেক সাভার এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো। সে মামলার ১৪ বছরের সাজা থেকে বাঁচতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে কৌশলে দেশের বিভিন্ন স্থান ১০ বছর আত্মগোপনে ছিল।