শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুরের একটি সড়কের টোল বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার রাম বাবু রোডের রফিকুল ইসলামের ছেলে সাজিদ সাকিব (২২) ও ঢাকার বাড্ডা থানার পূর্ব বাড্ডা বড়টেকের পায়রা স্কুল রোডের ফজলুর রহমানের ছেলে মাহমুদ সাকিব (২১)। তারা শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তারা দেশি-বিদেশি ১৪টি মদের বোতল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, এ ঘটনায় বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।