র‌্যাবের দাবি

ঋণ পরিশোধে ছিনতাই করতে গিয়ে জোড়া খুন

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী ও এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাবের অনলাইন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী মোস্তফা কামালকে (২৩) ঢাকার মোহাম্মদপুর থেকে এবং তার সহযোগী আলামিনকে (২৪) টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার মোস্তফা পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় সমিতি থেকে বেশ কিছু টাকা ঋণ করেছেন। সম্প্রতি সমিতি থেকে ঋণ পরিশোধের জন্য ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছিল। ঋণের টাকা পরিশোধ করতেই তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। এ পরিকল্পনায় তার সঙ্গে যোগ দেন আলামিন। ঘটনার রাতে পথের নির্জন স্থানে দুজনে ওঁৎ পেতে ছিলেন। ব্যবসায়ী শাহজালাল ও তার চাচা মজনু মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রড দিয়ে প্রথমে মোস্তফা শাহজালালকে আঘাত করেন। এতে শাহজালাল ও তার পেছনের আরোহী মজনু মিয়া পড়ে গেলে মোস্তফার সহযোগী আলামিন দেশীয় অস্ত্র দিয়ে মজনু মিয়ার ওপর হামলা চালায়। ঘটনার পর লাখ টাকা পাওয়ার প্রত্যাশা থাকলেও মোস্তফা ও আলামিন পায় মাত্র ৬০০ টাকা।

উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে কৃষক মজনু মিয়ার (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।