১০ মিনিটে শেষ মেসিদের অ্যাওয়ে ম্যাচের টিকিট

যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। মেসি এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে খেলেছেন তিনটি ম্যাচ। সব ম্যাচেই কানায় কানায় পূর্ণ গ্যালারি। এবার দলটির হয়ে প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন তিনি। ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার মাত্র ১০ মিনিটেই বিক্রি হয়ে গেছে সব।

স্থানীয় সময় আগামী রবিবার লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। টেক্সাসের ২০ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার টয়োটা স্টেডিয়ামে হবে ম্যাচটি। মেসি ভক্ত-সমর্থকদের নিরাশ করেননি। মায়ামির হয়ে তিন ম্যাচে করেছেন ৫ গোল। শেষ দুই ম্যাচে করেন জোড়া গোল। গোলডটকম তাদের এক প্রতিবেদনে জানায়, প্রথমে ম্যাচটির ন্যূনতম টিকিট মূল্য ছিল ২৯৯ ডলার। সেই টিকিটই এখন অফিশিয়ালি বিক্রি হয়েছে ৬০০ ডলারে। মার্কা লিখেছে, মাঠে মেসির জাদু দেখতে ফুটবলপাগল দর্শকরা এতটাই মরিয়া যে, অনেকে একটি টিকিটের জন্য ৯ হাজার ডলার গুনতেও রাজি।