কুষ্টিয়ায় ডিজে পার্টির নৌকা থেকে পড়ে নিখোঁজ, লাশ উদ্ধার

কুষ্টিয়ার বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নাচানাচির এক পর্যায়ে গড়াই নদে পড়ে নিখোঁজ কিশোর শুভর (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম।

তিনি বলেন, আজ শনিবার বিকেল সোয়া ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে গড়াই রেল সেতুর নিটক থেকে কিশোর শুভ’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে গড়াই নদে পিকনিক পার্টির নৌকা থেকে পড়ে শুভ নিখোঁজ হন। শুভ কুষ্টিয়া শহরের ১০ নম্বর পৌর ওয়ার্ড এর বাসিন্দা দুলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বর্ষাকালে প্রতি শুক্রবার আশপাশের জেলা উপজেলা থেকে নৌকায় উঠে পিকনিক পার্টির আয়োজন করে হৈ-হুল্লোর ও উচ্চশব্দের ডিজে মিউজিকের সাথে শিশু কিশোররা নাচানাচি করেন। শুক্রবারও একইভাবে প্রায় ২০/২২টি নৌকাতে আনন্দ উল্লাস ও নাচানাচি করতে গিয়ে চরমিলপাড়ার বাসিন্দাদের আয়োজিত ওই নৌকা থেকে ৬ জন কিশোর নদের পানিতে লাফ দেয়। এ সময় মানিক, অনিক, নাঈম, বিপ্লব ও নয়ন নামের ৫ জন নৌকাতে উঠতে পারলেও শুভ নিখোঁজ হন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, পিকনিকের নৌকা থেকে পড়ে এক কিশোর নিখোঁজের ঘটনা শুনেছি। আজ থেকে নদীতে পিকনিকে এসে এই উন্মাদ নাচানাচি বন্ধ করে দেয়া হবে। এরপরে আর এমন ঘটনা ঘটবে না।