ভারতের বিভিন্ন রাজ্যে কেজি প্রতি টমেটোর দাম ২০০ রুপি ছাড়িয়েছে। প্রায় এক মাস ধরে টমেটোর আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। এর মধ্যে জানা গেল টমেটো নিয়ে দাম্পত্য কলহের একটি ঘটনা।
তরকারিতে টমেটো দেওয়ায় স্বামীকে ছেড়ে চলে গেছেন এক স্ত্রী। শুধু তাই নয়, যাওয়ার সময় একমাত্র মেয়েকেও সঙ্গে নিয়ে গেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদল জেলার ধানপুরী এলাকার। ওই এলাকার বাসিন্দা সন্দ্বীপ বর্মণ একটি রেস্তোরাঁর মালিক। স্ত্রী আরতি আর একমাত্র মেয়েকে নিয়ে তার সুখের সংসার।
জানা গেছে, কদিন আগে স্ত্রীকে না জানিয়ে তরকারিতে টমেটো দিয়েছিলেন সন্দ্বীপ। এরপরই শুরু হয় তাদের দাম্পত্য কলহ।
সন্দ্বীপ জানান, আমার স্ত্রী ওই খাবার খেয়ে বিরক্ত হন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। আরতি চায়নি আমি তরকারিতে টমেটো দিই। একপর্যায়ে সে রাগ করে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং বাসে ওঠে। আমি কয়েকদিন ধরে তাকে খুঁজছি। তার ছবিও পুলিশকে দিয়েছি। কিন্তু তারা এখনও তাকে খুঁজে পায়নি।
ধানপুরী স্টেশন হাউস অফিসার সঞ্জয় জয়সওয়াল বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামীর সঙ্গে ঝগড়ার পর ওই নারী ঘর ছেড়ে উমারিয়া জেলায় বোনের বাড়িতে চলে যান। পুলিশ স্বামী ও স্ত্রীকে একে অপরের সঙ্গে কথা বলতে বাধ্য করেছে। আরতি ফিরে আসতে রাজি হয়েছেন।
প্রসঙ্গত, টমেটোর আকাশছোঁয়া দামের কারণে ভারতে অনেক নামি রেস্তোরাঁ তাদের মেন্যু থেকে টমেটো বাদ দিয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিংয়ের মতো ফুড চেইনও।