মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, শিশুসহ ৮ জনের প্রাণহানি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ ৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ জন। এই ঘটনায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রাম সংলগ্ন ডহরী খালে এ দুর্ঘটনাটি ঘটে। এ তথ্যটি জানিয়েছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।

তিনি জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক লোক ট্রলার দিয়ে পদ্মা নদীতে ঘুরতে যায়। ঘুরা শেষ রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে আমরা ঘটনাস্থলে থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করি। এদের মধ্যে এক জন নারী, ৪ জন শিশু ও ৩ জন যুবক রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছে ৭ জন।

আব্দুল মতিন আরও জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আমরা সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের ৪৬ জন পদ্মায় ঘুরতে যাই। বাড়ি ফেরার সময় রাত ৮টার দিকে বালিগাওয়ের ডহরী খাল দিয়ে হঠাৎ বালুবহী বাল্কহেড আমাদের ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক অনেক সাঁতার দিয়ে ওপারে চলে যাই।

ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ জানান, ট্রলারটি এখনও উদ্ধার হয়নি। পানির নিচে ডুবে আছে। ট্রলারের ভিতরে নিখোঁজদের পাওয়া যেতে পারে।

তিনি আরও জানান, খালটিতে স্রোতের তীব্রতা ও অন্ধকার থাকায় ডুবুরিদের উদ্ধার তৎপরতা বিঘ্ন ঘটছে। তবে আশা করছি নিখোঁজ সকলকে উদ্ধার করতে সক্ষম হবো।