রামগতি উপজেলায় অপহরণের পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রামগতি পৌর ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন এনাম পাটওয়ারীকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও এনামকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত শুক্রবার দুপুরে স্কুলছাত্রীর মা বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন। উদ্ধার হওয়া ছাত্রী রামগতির একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেপ্তার এনাম আলেকজা-ার ইউনিয়নের সবুজ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে ছাত্রলীগ নেতা এনাম প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রলীগ নেতা তাকে অপহরণের পরিকল্পনা করে। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আলেকজান্ডার এলাকা থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে রামদয়াল বাজার এলাকায় এনাম ও তার সহযোগীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
রামগতি পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস হোসেন বলেন, এনামের ব্যাপারে জেলা ছাত্রলীগের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, ওই ছাত্রীর পরিবার বিষয়টি থানায় জানালে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তাকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।