মুন্সীগঞ্জে ট্রলারডুবি

উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরিদল, এখনও নিখোঁজ ৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে নিখোঁজদের উদ্ধারে আবারো অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরিদল।

আজ রবিবার (০৬ আগস্ট) এ তথ্য জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ পর্যন্ত চার নারী, দুই শিশু ও দুই পুরুষসহ মোট আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। এখনো নিখোঁজ পাঁচজন। তাদের ফিরে পেতে অপেক্ষায় স্বজনরা।

উল্লেখ্য, গত রাত ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। উদ্ধার কাজ শুরু হয় পৌনে এক ঘণ্টা পর। তবে বৈরী আবহাওয়ার কারণে যা স্থগিত করা হয় রাত ২টায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৬ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।