মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

ইউপি নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দিতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. সেলিম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির ওই দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে রহিম মোল্লার অনুসারীরা হামলা চালালে আওলাদ মোল্লার অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। 

সংঘর্ষের একপর্যায়ে সেলিম আহত হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার মরদেহ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১১ নভেম্বর রাত ১১টা থেকে ১২ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, নতুন আমঘাটা, রাজারচর ও কংশপুরা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত