ইমরান খানের গ্রেপ্তারের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য রাজনীতিকদের বিরুদ্ধে মামলাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চায় পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ। জবাবে ওয়াশিংটন বলে, 'ইমরান খান ও অন্যান্য রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।'

মন্ত্রণালয় আরও জানায়, 'আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও পাকিস্তানি আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই। (আমাদের) এই দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের জন্য প্রযোজ্য।'

গতকাল শনিবার দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের পর পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১ লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত। একইসঙ্গে সক্রিয় রাজনীতি থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে।