নোয়াখালীর হাতিয়ায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মিজানুর রহমান (৩৩)নামের এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত শনিবার (৫ আগস্ট) রাতে চরকিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।
নিহত মিজানুর উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ব্রিজবাজার এলাকার মসজিদ মার্কেট থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, একই এলাকার বাসিন্দা জহুরুল ইসলামগংদের সঙ্গে নিহত মিজানুরের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন রবিবার দুপুরে জানান, তরুণ মিজানুরের হত্যার ব্যাপারে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই এলাকার আবদুর রহিমের ছেলে ইব্রাহিম (২১) কে আটক করেছে।