চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ টি বাল্কহেড ও তিনটি ড্রেজার জব্দ করাসহ ৬২ শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ।
শনিবার (৫ আগস্ট) রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নৌ পুলিশের পাঁচটি ইউনিট অংশ নেয়।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, পদ্মা ও মেঘনা নদীতে বালু উত্তোলন এবং ড্রেজার চলাচল নিষিদ্ধ রয়েছে। মালিক ও শ্রমিকেরা রাতে অবাধে বাল্কহেড চালাচ্ছেন। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে।
তিনি জানান, গতকাল শনিবার রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এজন্য এই অভিযান পরিচালনা করা হয়।