২৭ জুন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর এবারের বিশ্বকাপের আয়োজক ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে ট্যুর করেছে বিশ্বকাপের ট্রফি। সে ধারাবাহিকতায় গতরাতে বাংলাদেশে এসেছে এই ট্রফি।
ঢাকায় তিন দিন অবস্থান করবে বিশ্বকাপের ট্রফিটি। আজ দুপুরের পর পদ্মা সেতুতে অফিশিয়াল ফটোশুট ট্রফিটির। সেখান থেকে ফিরিয়ে এনে রাখা হবে রাজধানীর একটি হোটেলে।
এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তৃতীয় ও শেষ দিনে বুধবার সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি অবস্থান করবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা। এরজন্য কোনো টিকিট কিনতে হবে না তাদের। বাংলাদেশ থেকে ট্রফি যাবে কুয়েতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।