রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবিতে হিরো আলম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে অভিযোগ করেছেন হিরো আলম। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (নর্থ)-এ অভিযোগ করেছেন তিনি।

গতকাল রবিবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান হিরো আলম নিজেই। তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধপাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে। কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।’

হিরো আলম আরও বলেন, ‘আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে। আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না তাই কোর্টে যাব মামলা করতে।’ গত ১৮ জুলাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে হিরো আলমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।