প্রথমবার প্রতিপক্ষের মাঠে খেলছেন মেসি

লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে আজ ইন্টার মায়ামি খেলবে এফসি ডালাসের বিপক্ষে। লিগস কাপ দিয়েই লিওনেল মেসির অভিষেক হয় মায়ামিতে। এরই মধ্যে ক্লাবটির হয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি। তবে এই প্রথম খেলবেন প্রতিপক্ষের মাঠে। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ম্যাচটি হবে ডালাসের ফ্রিসকো টয়োটা স্টেডিয়ামে।

ডালাস যুক্তরাষ্ট্রের লিগ এমএলএস এরই দল। মেজর লিগ সকারে মায়ামি খেলে ইস্টার্ন কনফারেন্সে। আর ডালাস ওয়েস্টার্ন কনফারেন্সের দল। তাই ডালাসের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলা হয়নি মায়ামির। এমএলএসে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে তারা। তিন ম্যাচের দুটিতে জিতেছে ডালাস। ড্র হয় আরেক ম্যাচ। এছাড়া একটি প্রীতি ম্যাচ খেলেছিল ডালাস ও মায়ামি। সেই ম্যাচেও হেরেছিল মায়ামি।

তবে এবার লিগস কাপে দারুণ ছন্দে আছে মায়ামি। গ্রুপ পর্বের দুটি এবং রাউন্ড অব ৩২ এর ম্যাচ জিতেছে তারা। আর দলটির আমূল পরিবর্তনের পেছনে যে মেসির অবদান আছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম তিন ম্যাচে মেসি করেছেন ৫ গোল, অ্যাসিস্ট একটি। শেষ দুই ম্যাচেই জোড়া গোল করেন মেসি।

মেসিদের দলের কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ডালাসের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। দলটির মাঝ মাঠ ও ফরোয়ার্ড লাইনে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছেন। ডালাসে খেলেন দুই আর্জেন্টাইন। তাদের একজন অ্যালান ভেলাস্কো গোল করতে চান মেসির দলের বিপক্ষে।

২১ বছর বয়সী ভেলাস্কো বলেন, ‘এটা আমার জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। এই প্রথম আমি তাকে (মেসিকে) সামনা সামনি দেখব। গ্যালারি থেকে তাকে আমি দেখেছি। তবে কখনো মাঠে দেখিনি। আশা করি খেলার কোনো এক পর্যায়ে আমি তার বিপক্ষে গোল করতে পারব।’

অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে জর্ডি আলবার অভিষেক হয় মায়ামিতে। সেদিন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে আজ শুরুর একাদশেই থাকতে পারেন আলবা।