রাঙ্গুনিয়ায় অতিবৃষ্টিতে ডুবে গেছে হাজার একর আমন

বৃষ্টিপাতের অভাবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আমন ধানের চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ফলে কৃষকদের অনেকেই সেচ দিয়ে আমনের চারা রোপণ করেছেন। আবার মৌসুমের শেষদিকে বৃষ্টির দেখা মিললে কৃষকরা আমন রোপণে ব্যস্ত হয়ে পড়েন। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে আমনের ক্ষেত। এতে করে আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৪৪৫ হেক্টর জমিতে। হাইব্রিড, উফসী ও স্থানীয় জাতের আমন ধানের আবাদ করতে এবছর এক হাজার কৃষককে পাঁচ কেজি করে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। সেচ সংকট থাকলেও নানা উপায়ে আমন রোপণের চেষ্টা করেছেন কৃষকরা। টানা বৃষ্টিতে বিভিন্ন বিলের পাঁচ থেকে ছয় হাজার হেক্টর রোপা আমন অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

কয়েকদিন আগে যখন বৃষ্টিপাত শুরু হয় তখন কৃষকের ব্যস্ততায় শস্য ভাণ্ডারখ্যাত গুমাই বিল চঞ্চল হয়ে উঠতে দেখা যায়। নুরুল হক নামে এক কৃষক বলেন, বর্ষাকাল আমন ধানের চাষাবাদের উপযুক্ত সময়। বৃষ্টির পানির উপরেই এই চাষ নির্ভর করে। সময়মত বৃষ্টি হলে আষাঢ়ে বীজতলা তৈরী করে শ্রাবণের মাঝামাঝিতে আমনের চারা রোপণ শেষ করতে পারতাম। বৃষ্টি দেরিতে হওয়ায় শ্রাবণের শেষের দিকেই দ্রুত রোপণ করতে কৃষকেরা মরিয়া হয়ে উঠে।

উপজেলার কোদালা বিলে বেশিরভাগ জমিতে আমন রোপণ হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ দত্ত জানান, কয়েকদিনের বৃষ্টিতে বিলের জমিতে সেচের পানি হওয়ায় কৃষকের মাঝে চাষাবাদের ব্যস্ততা বেড়েছে। এত উপযুক্ত সময়ের মধ্যেই রোপন সম্পন্ন করা যেত। কিন্তু অতিবৃষ্টির কারনে কৃষকের স্বপের বাস্তবায়নে আসে প্রতিবন্ধকতা। টানা পাঁচদিনের ভারী বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গুমাই বিলসহ কোদালা, বেতাগী, পোমরা, শিলক, রাজানগর, লালানগর, হোসনাবাদ, ইসলামপুর এলাকার বিলসমূহ বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে থেমে গেছে কৃষকের আমন রোপণের তৎপরতা। রোপণ করা চারা বিলের ২ থেকে ৩ ফুট পানির নিচে ক্ষতির শিকার হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার জানান, বৃষ্টি হওয়ায় মৌসুমের শেষের দিকে চাষাবাদে কর্মচঞ্চল হয়ে উঠেছিল কৃষকরা। উপযুক্ত সময়েই রোপা দেওয়া সম্ভব হতো।

উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস বলেন, শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা রোপণ করা যায়। সে হিসেবে আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত আমন ধানের রোপা দেওয়ার উপযুক্ত সময়। বৃষ্টি ও বন্যার পানি দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।