মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধূ ধর্ষণ মামলার মূল আসামি শরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে ওই এলাকার পাড়াগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফ উপজেলার চান্দহর ইউনিয়নের চর পল্টন গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো । তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ইরাক প্রবাসী হওয়ায় সন্তান নিয়ে তিনি বাবার বাড়ি চর পল্টনে বসবাস করেন। গত ২৫ জুলাই রাত পৌনে ৮ টার দিকে এক জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে শরিফ ও তার দুই সহযোগী-হযরত মোল্লা(৪৫) ও রমিজসহ(৪০)সহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় ওই গৃহবধূকে বিল্লাল শিকদারের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাশেষে ২৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শরিফসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনের নামে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার শরিফকে আজ সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।