কোনো ষড়যন্ত্র দেশের মাটিতে টিকবে না: আমু

১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, কোনো ষড়যন্ত্র এই দেশের মাটিতে টিকবে না। কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে পারবে না, ব্যাহত হতে দেব না।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলীয় জোট আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন জোটের মুখপাত্র।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার প্রমুখ।

এ দেশে কোনো দিন কোন ষড়যন্ত্র চিরদিন স্থায়ী হয়নি বলে বলে উল্লেখ করেন আমু। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের সব সূচকে পাকিস্তানে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ায় দেশটির দোসরদের গাত্রদাহ হচ্ছে বলে দাবি করেন আমির হোসেন আমু।

তিনি বলেন, শেখ হাসিনা যখন সারা বিশ্বের কাছে সমাদৃত করেন, তখন তোমাদের (বিএনপি) গাত্রদাহ, আন্দোলন এবং সংগ্রামের কথা মনে পড়ে।

মানবিক কারণে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ প্রধানমন্ত্রী করে দিয়েছেন বলে উল্লেখ করে আমু বলেন, অবাধ স্বাধীনতা, এমন স্বাধীনতা তার (খালেদা জিয়া) দলের নেতারা যখন আন্দোলন করছেন, তারা বারবার কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে। তার নির্দেশ দেওয়ার সুযোগ দিচ্ছে। শেখ হাসিনা বাধা দিচ্ছে না।

বিএনপিকে উদ্দেশ্য করে আমু বলেন, আর কি চান আপনারা? আর কি গণতন্ত্র চান আপনারা? এর চেয়ে বড় গণতন্ত্র, বড় সুবিধা কোনো দিন, কোনো সময়, কোনো দেশের সরকার দিয়েছে? এর চেয়ে বড় দৃষ্টান্ত শেখ হাসিনা কি দেখাতে পারে?

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা দেশে শান্তি চাই। কিন্তু বিএনপি-জামায়াত শান্তি বিনষ্ট করতে চায়। তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতকে এই দেশ থেকে বিতাড়িত করতে না পারলে তারা এই সন্ত্রাসী তৎপরতা চালাতেই থাকবে।’

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এই সব ষড়যন্ত্র এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন বলে আবারও উল্লেখ করেন তিনি।

দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত না হলে গঙ্গা পানি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন। বিদেশিদের চাপ এবং ষড়যন্ত্র কোনোভাবেই প্রধানমন্ত্রীকে দুর্বল করতে পারবে না।