জনগণের মুক্তির লড়াইয়ে সবাইকে পাশে চাইলেন জামায়াত আমির

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

১১ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই, ১৮ কোটি মানুষের মুক্তির লড়াই। আগামী দিনে একটি মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরভবনের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে যাওয়ার পথে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাষ্ট্রীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তার বন্ধ করতে হবে।

দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমি দখল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, এই লড়াই জনগণের মুক্তির লড়াই। এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো? এ সময় তিনি জনগণের পাশে থাকার কথা জানান। উপস্থিত জনতা হাত নেড়ে তাঁর বক্তব্যে সমর্থন জানান।

তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ তারাই গড়বেন। তারা একটি মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান।

সড়কের ওপর প্রায় তিন মিনিট বক্তব্য দেওয়ার পর আবার খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেন শফিকুর রহমান।

এদিন তার সফরসঙ্গী হিসেবে সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মীকে পতাকা নিয়ে অংশ নিতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সকাল থেকেই লংমার্চকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নেন। হাজার হাজার নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানান।

ভাঙ্গায় ১১ দলীয় জোটের নেতৃত্ব দেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন আহমেদ এবং ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত