ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতামত উপেক্ষা এবং গঠনতন্ত্র অমান্যসহ নানা বিতর্কের মুখে স্থগিত করা হয়েছে পাবনার আমিনপুর থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি। দ্রুততম সময়ে কেন্দ্রের তত্ত্বাবধানে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে শিগগির এ কমিটি পুনরায় গঠিত হবে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসের ৩১ তারিখে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। গঠনতন্ত্রে আহ্বায়ক কমিটি ৩১ সদস্যের বেশি করার নিয়ম না থাকলেও তারা আমিনপুর থানায় ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করেন। পরে সেটি পরিবর্তন করে আবার একই তারিখ দেখিয়ে কমিটির সদস্য ৪৩ জন করা হয়। একইভাবে করা হয় ওই থানার একাধিক ইউনিয়ন কমিটিও। রানীনগর ইউনিয়ন কমিটিও ঘোষণার পর পছন্দের লোক বাদ পড়ায় তা পরিবর্তন করে সদস্য সংখ্যা বাড়ানো হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনায় আসে বিষয়টি। পরে ৭ আগস্টের মধ্যে এমন অনিয়মের কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘কেন্দ্র আমাদের আগেই ডেকেছিল। পরে অন্যদের ডেকে আলাপ শেষে বিষয়টি আমাদের জানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশনা মেনেই কমিটি গঠন হবে।’
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন জানান, গঠনতন্ত্র অমান্য ও যোগ্যদের বাদ দিয়ে ওই নবগঠিত কমিটি সম্পর্কে অভিযোগ আসে আমাদের কাছে। ওই কমিটি স্থগিত ও দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের অধিক গুরুত্ব দিয়ে গ্রহণযোগ্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার সার্বিক তদারকি করবে কেন্দ্রীয় কমিটি।