বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের নয়া কোচ সাইফুল বারী টিটুর চাওয়া পূরণ হচ্ছে না। এই অভিজ্ঞ কোচ চেয়েছিলেন এশিয়ান গেমসের আগে ছেলেদের বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে নারী দলকে প্রস্তুতি ম্যাচ খেলিয়ে ঝালিয়ে নিতে। তবে বাফুফের টিটুর পরিকল্পনা মনঃপূত হয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছে কোনো ছেলেদের দলের সঙ্গে ম্যাচ না খেলানোর কথা। গতকাল বাফুফের নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার একটি সংবাদ মাধ্যমকে তাদের অবস্থানের কথা জানিয়েছেন। এর বদলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়াডের প্রস্তুতি নেওয়াকেই উপযুক্ত মনে করছে বাফুফে।
নারী দলের দায়িত্ব নিয়েই টিটু বলেছিলেন, বিশ্বের অনেক দেশেই নারী ফুটবলাররা প্রস্তুতি ম্যাচ খেলে বয়সভিত্তিক ছেলেদের দলের সঙ্গে। তাই তিনি চেয়েছিলেন সাবিনাদের এ রকম কিছু ম্যাচ খেলিয়ে ঝালিয়ে নিতে। তবে মাহফুজা আক্তার কিরণ গতকাল বলেন, ‘ছেলেদের সঙ্গে মেয়েদের কোনো প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। মেয়েরাই নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়াডের প্রস্তুতি নেবে।’
এদিকে টিটুর দলের সঙ্গে এশিয়ান গেমসে যাওয়া এখনো নিশ্চিত নয়। নাম জমা দেওয়ার নির্ধারিত সময়ের পর টিটুর নাম পাঠানোয় দেখা দিয়েছে জটিলতা। এশিয়াডে বাংলাদেশ শেফ দ্য মিশন ও বিওএর কোষাধ্যক্ষ একে সরকার বলেন, ‘আমরা অলিম্পিক কমিটি অব এশিয়ার মাধ্যমে গেমসের আয়োজকদের অনুরোধ জানিয়েছি টিটুর নাম যুক্ত করতে। তবে এখনো আয়োজকদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। শেষ পর্যন্ত যদি টিটু না যান তবে আগে জমা দেওয়া নামের মধ্য থেকে কাউকে কোচ হিসেবে যেতে হবে নারী দলের সঙ্গে।’