গাইবান্ধা

টানা বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙন আতঙ্ক

ভারী বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধায় সবগুলো নদ-নদীর পানি বেড়েছে। এ কারণে সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা।

মঙ্গলবার (৮ আগস্ট) জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক নদ-নদীতে পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দেশ রূপান্তরকে জানান, গেল ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ির তিস্তামুখ পয়েন্টে ১৫ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরে নতুন ব্রিজ পয়েন্টে ১৯ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে ১৯ সেন্টিমিটার ও তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, গত দুইদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত সবগুলো নদীর পানিই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টায় জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।