গাইবান্ধা জেলার সাঘাটায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয়রা জানায়, সোহাগ ঢাকায় চাকরি করেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ির পাশের জমি থেকে কল্পনা ও সোহাগ শাক তুলে আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে মা ও ছেলে দুর্ঘটনা স্থলেই গুরুতর অসুস্থ হন।
স্থানীয়রা তাদের গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।
