লিগস কাপ

শেষ আটে শার্লটকেই পেল মেসিরা

চূড়ান্ত হলো লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ। লিওনেল মেসিদের লড়তে হবে শার্লট এফসির বিপক্ষে।

প্রতিযোগিতার শেষ ষোলোয় গতকাল এফসি ডালাসকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। অন্যদিকে বাংলাদেশ সময় আজ সকালে হিউস্টন ডায়নামোকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে শার্লট।

শার্লট অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যাচে। দশম মিনিটেই কোরি বাইর্ড গোল করে এগিয়ে দেন ডায়নামোকে। পরে ৮০তম মিনিটে প্যাট্রিক এগিয়েমাংয়ের গোলে সমতা ফেরায় শার্লট। পরের মিনিটেই ২-১ এ এগিয়ে যায় আত্মঘাতী গোলে। পরে সেই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে।

মায়ামি-শার্লট কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। মায়ামির মাঠে হবে খেলা। একই প্রতিপক্ষের বিপক্ষে আগামী ২১ আগস্ট মেজর লিগ সকারের ম্যাচ খেলবে মায়ামি।

মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মেসি যে চার ম্যাচ খেলেছেন, তার সবগুলোই লিগস কাপে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হয় এই লিগস ক্লাব। এবার যেখানে অংশ নিচ্ছে ৪৭ দল।