চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন ৭-এর বিচারকের আসনে বসলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এই সিজনের আরও দুই বিচারক হলেন রবীন্দ্রসংগীতের কিংবদন্তিশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আধুনিক গানের আরেক জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। এই তিন বিচারক ৩৭ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে আনবেন সিজন ৭-এর মুকুট বিজয়ীকে।
গত সোমবার (০৭ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে ৩৭ জনকে নিয়ে মূল পর্বের ধারণ। এ দিন সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে রুনা লায়লা এসে পৌঁছালে তাকে স্বাগত জানান চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।
এরপর তাকে সঙ্গে নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন। সঙ্গে সঙ্গে সেরাকণ্ঠ সিজন ৭-এর ছয় প্রতিযোগী তার বিখ্যাত গান ‘অনেক বৃষ্টি ঝরে’ পরিবেশন করেন।
গান শেষে রুনা লায়লা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি মুগ্ধ, এত সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে। আমি কথা দিলাম সব সময় সেরাকণ্ঠ প্রতিযোগিতার সঙ্গে থাকব।’
এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায়।