নন্দীগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ এলাকায় বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ময়মনসিংহের ত্রিশাল থানার চাউলিয়া এলাকার বেলাল হোসেন (৩০), শ্রীপুর থানা এলাকার রুহুল আমিন (২৭), নাটোরের সিংড়া থানার চাঁদপুর এলাকার সজিব আহমেদ (৩২) এবং সাদ্দাম হোসেন (৩০)। সাদ্দামের ঠিকানা জানা যায়নি।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী জানান, সকালে বৃষ্টির সময় নাটোর থেকে যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে বগুড়া থেকে নাটোরগামী একটি পিকআপ নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় মহাসড়কে আসলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ কুন্দারহাট হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।