মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে বৃষ্টিতে গাছ উপড়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতে বেলা ২টার দিকে সড়কে গাছ উপড়ে পড়ে। পরে বনকর্মী ও সিপিজির সদস্যরা গাছ কেটে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হঠাৎ সড়কে গাছ উপড়ে পড়ায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীবাহী একটি অটোরিকশা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকাল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রধান ফটক এলাকায় একটি গাছ উপড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ওপর পড়ে। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা যাচ্ছিল। গাছটি কাত হচ্ছে দেখতে পেয়ে সিএনজি অটোরিকশা চালক গতিনিয়ন্ত্রণ করে গাছের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালকসহ পাঁচ যাত্রী। এ ঘটনার পরপর সড়কের পড়ে থাকা গাছের দুদিকে অনেক যানবাহন আটকা পড়ে। বনকর্মী ও লাউয়াছড়া সিপিজির সদস্যরা গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশপথ এলাকার মানুষজন মিলে সড়কে পড়া গাছ কেটে অপসারণ করার পর যান চলাচল স্বাভাবিক হয়।’