ভেসে আসা গাছের ভাগাভাগি নিয়ে যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে খালে ভেসে আসা গাছের ভাগবাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. নঈম উদ্দীন নয়ন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কুলালপাড়া সাদ্দামের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

নয়ন উপজেলার খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হচ্ছারঘাট এলাকার জাবেদুল আলমের পালক ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ‘খিরাম-ধর্মপুর সীমান্তে বয়ে চলা সর্তা খালে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা সেগুনগাছের ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নয়ন নিহত হন বলে জেনেছি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

তিনি আরও বলেন, এই দুই চক্রের মধ্যে দীর্ঘদিন ধরে সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছে।