২০১৫ নারী ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিয়েছিল কলম্বিয়া। ৬৬ মিনিটে দুই গোল হজমের ৫ মিনিট পর মাঠে নেমেছিলেন কাতালিনা উসমে। ম্যাচ হেরে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে ৮ বছর পর আবার বিশ্বকাপে খেলতে এসে শেষ ষোলোতে কলম্বিয়া। এবার আর সুযোগটা হাতছাড়া করেনি দক্ষিণ আমেরিকার দেশটি। সেই উসমের গোলেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া।
গতকাল মেলবোর্নে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। ম্যাচের ৫১ মিনিটে আনা মারিয়ার ক্রস থেকে গোল করেন ৩৩ বছর বয়সী উসমে। উসমের এই গোলের আগে ৩২১ মিনিট নিজেদের জাল অক্ষত রেখেছিল জ্যামাইকা। অবশ্য তিন মিনিট পর গোল শোধের সুযোগ পেয়েছিল তারা। তবে ব্রাউনের হেড পোস্টে লেগে ফেরে।
কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখা কাতালিনা উসমে বলেন, ‘আমরা এখানে এসেছি সাতটি ফাইনাল জিততে। আমরা তৈরি। আমাদের স্বপ্নটা বড়, এই দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দেব।’ কোচ নেলসন আবাদিয়ার কণ্ঠেও একই আত্মবিশ্বাস, ‘আমরা ধাপে ধাপে এগোতে চাই। জানি ইংল্যান্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তবে জার্মানিকে হারিয়েছি, যারা ইউরোপের দ্বিতীয় সেরা দল। কী করতে হবে সে বিষয়ে আমাদের ধারণা আছে। ম্যাচটি কঠিন হবে।’
কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছিল মরক্কোর পুরুষ দল। খেলেছিল সেমিফাইনাল। মরক্কো নারী ফুটবল দল এবারই প্রথম খেলল বিশ্বকাপে। তাদের স্বপ্নযাত্রা থামল শেষ ষোলোতেই। তাদের ৪-০ গোলে হারিয়ে সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। শেষ আটে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।