গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর শিহাব মিয়া (২১) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রংপুরের ডুবুরি দল।
নিহত শিহাব মিয়া একই ইউনিয়নের শিহিরপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। সে স্থানীয় একটি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার।
স্থানীয়দের বরাত দিয়ে আরিফ আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে শিহাব মিয়া তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শিহাব নিখোঁজ হয়। পরে তার বন্ধু ও আশেপাশের লোকজন খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করে। গাইবান্ধা জেলায় ডুবুরি দল না থাকায় রংপুরে সংবাদ পাঠানো হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে ডুবুরি দল শিহাব মিয়ার মৃত অবস্থায় উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বলেন, ওই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।